Ridge Bangla

ইভিএমে ভোটের বিধান বাতিল, আরপিও সংশোধন জারি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার বিধান বাতিল করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করে।

সংশোধিত আরপিও অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পদকে “লাভজনক পদ” হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ফলে ওই পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

নতুন বিধানে প্রার্থীর হলফনামায় দেশে-বিদেশে আয়ের উৎস ও সর্বশেষ কর রিটার্ন জমা দেওয়ার শর্ত যোগ হয়েছে। প্রার্থী যদি অসত্য তথ্য দেন, তবে নির্বাচনের পরও নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নিতে পারবে।

অধ্যাদেশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে—

  • অনুচ্ছেদ ১৩: মনোনয়নপত্রের জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
  • অনুচ্ছেদ ১৪: রিটার্নিং কর্মকর্তার আদেশে ক্ষুব্ধ হলে ব্যাংক ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদানকারী সংস্থা আপিল করতে পারবে।
  • অনুচ্ছেদ ১৯: কোনো আসনে একক প্রার্থী থাকলে ব্যালট পেপারে ‘না’ ভোটের সুযোগ থাকবে। তবে পুনঃনির্বাচনে এটি থাকবে না।
  • অনুচ্ছেদ ২০: জোটগতভাবে নির্বাচনে অংশ নিলে প্রার্থীরা নিজেদের দলের প্রতীকেই ভোটে অংশ নিতে পারবেন।
  • অনুচ্ছেদ ২১: নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে।
  • অনুচ্ছেদ ২৫: প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

এই সংশোধনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় বেশ কিছু কাঠামোগত পরিবর্তন আনা হলো বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

This post was viewed: 61

আরো পড়ুন