আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম জানান, চলতি নভেম্বর মাসের মধ্যেই প্রার্থীতার তালিকা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, ন্যায়বিচারের পক্ষে কথা বলে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় ৩০০ আসনেই আমরা প্রার্থী দেবো।”
তিনি আরও বলেন, “যারা নতুন করে রাজনীতি করতে চান, দেশকে নতুনভাবে গড়তে চান, তাদের আমরা স্বাগত জানাই। সারাদেশের প্রতিটি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম চলছে। আমরা প্রতিটি আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব।”
নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘ সময়ের চেষ্টায় আমরা এখন নিবন্ধিত রাজনৈতিক দল হয়েছি। শাপলা কলি প্রতীকে নিবন্ধন পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি জানিয়েছে, নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে।