Ridge Bangla

অস্কার বিজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও তিনবারের অস্কার মনোনীত তারকা ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

অভিনেত্রীর মেয়ে ও অস্কারজয়ী তারকা লরা ডার্ন দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “আমার মা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি শুধু মহান অভিনেত্রীই নন, ছিলেন অসাধারণ মা, দাদি, শিল্পী ও সহানুভূতিশীল একজন মানুষ।”

ডায়ান ল্যাড দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে সমানভাবে সফল ছিলেন। ১৯৭৪ সালের মার্টিন স্করসেসি পরিচালিত অ্যালিস ডাজন’ট লিভ হিয়ার এনিমোর সিনেমায় ধূর্ত পরিচারিকার চরিত্রে অভিনয় করে তিনি প্রথম অস্কার মনোনয়ন পান। পরে ওয়াইল্ড অ্যাট হার্ট সিনেমাতেও তার অসাধারণ অভিনয় সমালোচকদের মুগ্ধ করে এবং আরও দুটি অস্কার মনোনয়ন এনে দেয়।

তার প্রাণবন্ত সংলাপ, হাস্যরস আর মানবিক চরিত্রচিত্রণ তাকে দর্শকের কাছে আলাদা মর্যাদা এনে দিয়েছিল। ক্যারিয়ারের শেষ দিকে তিনি নিয়মিতভাবে টেলিভিশন ও থিয়েটারে অভিনয় করতেন।

ডায়ান ল্যাড ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের দুই সন্তান ছিল—অস্কারজয়ী লরা ডার্ন এবং ডায়ান এলিজাবেথ। তবে ছোট মেয়ে ডায়ান এলিজাবেথ ১৮ মাস বয়সে এক দুর্ঘটনায় মারা যায়।

This post was viewed: 40

আরো পড়ুন