Ridge Bangla

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) প্রজ্ঞাপন নং-১৪৩ জারি করা হয়েছে। জানা গেছে, আগামী এক-দুই দিনের মধ্যে এই আদেশ কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি জেলা কারাগারগুলোর সুপারিশ অনুযায়ী বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হবে। এই ৩৭ বন্দি সবাই রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “যেসব বন্দি ৩০ বছরের বেশি বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং রেয়াতসহ ২০ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এই তালিকায় কোনো নারী বন্দি নেই, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী-পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। অধিকাংশ বন্দি খুন মামলায় সাজাপ্রাপ্ত এবং দেশের বিভিন্ন কারাগারে তাদের সাজা চলছিল। অবশিষ্ট সাজা মওকুফ হওয়ায় বন্দিদের মধ্যে কারও ৬, কারও ৭, আবার কারও ১০ বছর বাকি ছিল, যা এবার সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ বন্দিদের পুনর্বাসন ও সামাজিক পুনর্মিলনের দিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

This post was viewed: 38

আরো পড়ুন