বাগেরহাটের রামপালে বিএনপির সভা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বিএনপি কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে অংশ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, নিহতরা সবাই বিএনপির স্থানীয় কর্মী ছিলেন। তারা বেলা থেকে ভাগা বালুর মাঠে বিএনপির একটি সভায় অংশ নিয়েছিলেন। সভা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।