বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত চিত্রনায়িকা মৌসুমী সোমবার (৩ নভেম্বর) ৫২ বছরে পা রেখেছেন। তবে এবারের জন্মদিনও কাটছে দেশের বাইরে, সুদূর যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনের সঙ্গে। গত ২০২৩ সালের অক্টোবরে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। এরপর থেকে আর দেশে ফেরেননি এই প্রজন্মের প্রিয় অভিনেত্রী।
গত দুই বছর ধরেই যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যদিও তিনি দেশে নেই, তবু স্বামী ও অভিনেতা ওমর সানী জানিয়েছেন, দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে পরিবার ও ঘনিষ্ঠজনরা প্রস্তুতি নিয়েছেন। ওমর সানী বলেন, “মৌসুমীর মা অসুস্থ, তাই তিনি মায়ের সেবায় ব্যস্ত। আপাতত দেশে ফেরার সুযোগ হচ্ছে না।”
ঢাকাই চলচ্চিত্রে নব্বইয়ের দশকে একঝাঁক নতুন মুখের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘অন্তরঙ্গ’, ‘দোলনা’, ‘মিলন’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মৌসুমী নির্মাতা ও সমাজসেবক হিসেবেও পরিচিতি পেয়েছেন। সিনেমা ও নাটক দুই মাধ্যমেই তার সক্রিয় উপস্থিতি ছিল দীর্ঘদিন। জন্মদিন উপলক্ষে ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে।