Ridge Bangla

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে রাজনৈতিক মতবিরোধ থাকবেই, কিন্তু কোনো উত্তাপ বা অস্থিরতাই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে—এটাই সরকারের অঙ্গীকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ। তবে তা ১৫ ফেব্রুয়ারির আগেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করছে। জুলাই সনদ ঘোষণা ও স্বাক্ষর হয়েছে, বিভিন্ন কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারের কাজও এগিয়ে চলছে। পাশাপাশি শেখ হাসিনাসহ রাষ্ট্রদ্রোহ মামলার ট্রায়াল সম্পর্কেও আদালত শিগগির তারিখ জানাতে পারে।”

শফিকুল আলম সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে।

This post was viewed: 46

আরো পড়ুন