Ridge Bangla

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

নৌপরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাবেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত রশীদ চৌধুরী পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগ দেবেন।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এস এম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত এস এম শাকিল আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার তাকে দায়িত্ব নিতে বাধা দেন, ফলে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

This post was viewed: 35

আরো পড়ুন