Skip to main content

Ridge Bangla

খুলনায় বিএনপির অফিসে হামলা, একজন শিক্ষক নিহত, আহত ২ জন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার অফিসে বোমা ও গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় শিক্ষক ইমদাদুল হক নিহত হয়েছেন, এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর কুয়েট রোডে ইউনিয়ন বিএনপি নেতা মামুন শেখের অফিসে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ তার অফিসে কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর সঙ্গে বসে ছিলেন। এসময় হঠাৎ মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে এবং পরপর চার রাউন্ড গুলি চালায়। হামলার পর আতঙ্কে এলাকায় লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

গুরুতর আহত মামুন শেখ ও শিক্ষক ইমদাদুল হকসহ আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি ককটেলের অংশ ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

This post was viewed: 61

আরো পড়ুন