Ridge Bangla

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় আবারও ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস এর সর্বশেষ সংস্করণে তিনি শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।

২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর রাজনীতি, সমাজসেবা, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করে আসছে। এ বছরের তালিকার শীর্ষে আছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে আল-আজহারের গ্র্যান্ড শেখ ড. আহমদ আল-তায়্যিব, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

১৯৪০ সালের ২৮ জুন জন্ম নেওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্রঋণ ধারণার উদ্ভাবনের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ২০০৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

This post was viewed: 48

আরো পড়ুন