Ridge Bangla

চট্টগ্রামে পুলিশের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২০ জন

চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী পুলিশ সদস্যও রয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে ওয়াসা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে অন্তত ২০ জন সদস্য আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ১২ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিরা লাইন্স হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “দামপাড়া থেকে আহত ১২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।”

দামপাড়া ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, বাসটি স্টেডিয়ামে যাওয়ার সময় ব্রেকফেল হয়ে নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

This post was viewed: 40

আরো পড়ুন