Ridge Bangla

গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার

গণভোট আয়োজনের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সময়সীমার মধ্যে ঐকমত্য না হলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সভায় ঐকমত্য কমিশনের প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক সংস্কার প্রস্তাবের অনেক বিষয়ে অগ্রগতি এলেও গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তিনি আরও বলেন, “আমরা কোনো আল্টিমেটাম দেইনি, কেবল আহ্বান জানিয়েছি। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।”

সভায় আরও জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

This post was viewed: 45

আরো পড়ুন