Ridge Bangla

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করল সরকার

বিতর্কের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও সহকারী শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে সরকার। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গত ২ নভেম্বর (রোববার) সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালায় পূর্বের চারটি ক্যাটাগরির পদ থেকে কমিয়ে এখন দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। তবে সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ দুটি আর থাকছে না।

অতিরিক্ত সচিব মাসুদ আকতার আরও জানান, বিধিমালায় ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে। আগে বলা ছিল, ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতকরা এবং ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতকরা নিয়োগ পাবেন। কিন্তু এতে ভুল ব্যাখ্যার সুযোগ ছিল। এখন নতুনভাবে বলা হয়েছে, ওই ৮০ শতাংশ পদ কমন, অর্থাৎ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরাও আবেদন করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট এই নিয়োগ বিধিমালা জারি করেছিল, যেখানে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ নতুনভাবে সংযোজন করা হয়। তবে বিধিমালা প্রকাশের পর ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল ও সংগঠন সংগীত শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে সমালোচনা শুরু করে।

বিতর্ক ও মতবিরোধের প্রেক্ষিতে শেষ পর্যন্ত সরকার দুটি পদ বাতিলের সিদ্ধান্ত নেয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী শিগগিরই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

This post was viewed: 44

আরো পড়ুন