Ridge Bangla

জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই নাম ঘোষণা শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনগুলো। বগুড়া–৬ আসনে প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খালাস পেয়ে কারামুক্ত হলেও অসুস্থতার জন্য তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেল আজ প্রার্থীর তালিকা ঘোষণার পর।

এ ছাড়া সিরাজগঞ্জ–২ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা–৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা–৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা–৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা–৮ আসনে মির্জা আব্বাস, নেত্রকোনা–৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং গোপালগঞ্জ–৩ আসনে এস এম জিলানী মনোনীত হয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে প্রার্থী তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় পর্যায়ে মতামত নেওয়া হচ্ছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।

This post was viewed: 58

আরো পড়ুন