প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা অনেকটাই নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর।
রবিবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে জনগণের আস্থা অর্জন করা কঠিন।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। এবার প্রথমবারের মতো কারাগারে থাকা ভোটার এবং প্রবাসীদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার বিচারে এটি সবচেয়ে বড় নিরাপত্তা বাহিনী। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু প্রচলিত পদ্ধতি নয়, সৃজনশীলতা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।”
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। সিইসি আশা প্রকাশ করেন, সকল দলের সহযোগিতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, যা দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করবে।