Ridge Bangla

৬৩টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বাকি ৬৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া–৬ আসনে।

তিনি আরও বলেন, বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই যাচাই-বাছাই শেষে এসব আসনেও দলের প্রার্থী ঘোষণা করা হবে।

যেসব আসনে এখনো বিএনপি প্রার্থী দেয়নি, সেগুলোর মধ্যে রয়েছে নীলফামারী–১ ও ৩, লালমনিরহাট–২, ঠাকুরগাঁও–২, দিনাজপুর–৫, বগুড়া–২, নওগাঁ–৫, নাটোর–৩, সিরাজগঞ্জ–১, পাবনা–১, ঝিনাইদহ–১, ২ ও ৪, যশোর–৫, নড়াইল–২, বাগেরহাট–১, ২ ও ৩, খুলনা–১, পটুয়াখালী–২ ও ৩, বরিশাল–৩, ঝালকাঠি–১, পিরোজপুর–১, টাঙ্গাইল–৫, ময়মনসিংহ–১০, কিশোরগঞ্জ–১ ও ৫, মানিকগঞ্জ–১, মুন্সিগঞ্জ–৩, ঢাকা–৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০, গাজীপুর–১ ও ৬, নরসিংদী–৩, নারায়ণগঞ্জ–৪, রাজবাড়ী–২, ফরিদপুর–১, মাদারীপুর–২, সুনামগঞ্জ–২ ও ৪, চট্টগ্রাম–৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫, কক্সবাজার–২, সিলেট–৪ ও ৫, হবিগঞ্জ–১, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৬, কুমিল্লা–২ ও ৭, এবং লক্ষ্মীপুর–১ ও ৪।

বিএনপি সূত্র জানায়, জোট ও মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বাকি আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

This post was viewed: 49

আরো পড়ুন