Skip to main content

Ridge Bangla

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪ জন

নেপালের পূর্বাঞ্চলে ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে সাতজন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক ও দুইজন নেপালি গাইড রয়েছেন। এছাড়া আরও চারজন নেপালি পর্বতারোহী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

মঙ্গলবার (৪ নভেম্বর) নেপালের জনপ্রিয় দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানায়, মোট ১৫ জনের একটি দল ৫ হাজার ৬৩০ মিটার উচ্চতার ইয়ালুং রি পর্বত আরোহণে ছিলেন। রোববার বিকেলে হঠাৎ তুষারধস নামলে তারা সবাই বরফের নিচে চাপা পড়ে যান।

পুলিশ কর্মকর্তা গ্যান কুমার মাহাতো জানান, খবর পেতে বিলম্ব হওয়ায় এবং তীব্র তুষারপাতের কারণে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে সোমবার সন্ধ্যায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজন ফরাসি, একজন কানাডীয়, একজন ইতালীয় এবং দুইজন নেপালি নাগরিক রয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে নিখোঁজ চারজনের সন্ধান এখনো মেলেনি।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বরফপাত অব্যাহত থাকায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়ছে।

উল্লেখ্য, বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত। প্রতিবছর শত শত দেশি-বিদেশি পর্বতারোহী দেশটিতে অভিযান পরিচালনা করে। তবে অক্টোবর-নভেম্বর মাসে অস্থির আবহাওয়া ও অতিরিক্ত তুষারপাতের কারণে এ সময় পর্বতারোহণের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।

This post was viewed: 69

আরো পড়ুন