রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গান ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’—এই চরণ থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন নতুন নাটক ‘এমন দিনে তারে বলা যায়’। নাটকটি মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
ত্রিভুজ প্রেমের গল্পভিত্তিক এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী উর্বী ও মীর রাব্বি। গল্পটি রোমাঞ্চকর মোড় ও অপ্রত্যাশিত পরিণতিতে ভরপুর বলে জানিয়েছেন নির্মাতা জাহিদ প্রীতম। তিনি বলেন, “গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক অনুমানই করতে পারবেন না কী হতে যাচ্ছে। এখানেই এই গল্প আর নামের সার্থকতা। নির্মাতা হিসেবে দর্শকের সঙ্গে এই অপ্রত্যাশিত খেলা আমি উপভোগ করি।”
অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, “প্রায় আড়াই বছর পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলাম। আর উর্বীর সঙ্গে এটাই প্রথম। গল্পটা একেবারে গোলকধাঁধার মতো—যখনই দর্শক ভাববে গল্প শেষ, তখনই আসবে নতুন টুইস্ট।”
সহশিল্পী প্রিয়ন্তী উর্বী জানান, “আমি ভীষণ উচ্ছ্বসিত এবং একটু নার্ভাসও। টেলিভিশনে নিজেকে প্রথমবার দেখার সময় যেমন কৌতূহল ছিল, এখনও সেই অনুভূতিই হচ্ছে।”
নাটকটিতে রয়েছে একটি মৌলিক গান ‘কাজল চোখে ভালোবাসা’, যার কথা লিখেছেন নীল মাহবুব, সুর করেছেন শরিফুল ইসলাম এবং সংগীতায়োজন করেছেন সাউন্ড হ্যাকার। গানটি গেয়েছেন মাহতিম শাকিব।