Ridge Bangla

সেনাবাহিনীর বীরত্বে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিন ও প্রত্যয়ের গান ‘মানবতার জয় হোক’

বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও মানবিকতা উদযাপন করতে প্রকাশিত হয়েছে নতুন দেশাত্মবোধক গান ‘মানবতার জয় হোক’। গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন, আর সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রত্যয় খান।

গানটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে ভিডিওটি মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে। চিত্রায়ণ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কীশোর নীল। ভিডিওতে সেনাবাহিনীর বীরত্বগাঁথা, মানবিক সহায়তা ও দেশের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসাকে চিত্তাকর্ষকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

শফিক তুহিন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। সংকটের মুহূর্তে তারা মানবতার হাত বাড়িয়ে দেন। তাদের নিয়ে গান লেখা আমার জন্য এক বিশেষ সম্মান ও আবেগের বিষয়। প্রকাশের পর থেকেই অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি, যা আমাকে অনুপ্রাণিত করছে।”

তিনি আরও জানান, “গানটির পেছনে প্রত্যয়সহ যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই গানটি তৈরি করেছি।”

গানের সুরকার ও কণ্ঠশিল্পী প্রত্যয় খান বলেন, “এই গানটি আমার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। গানের প্রতিটি কথায় দেশপ্রেম আর মানবতার বার্তা রয়েছে।”

This post was viewed: 57

আরো পড়ুন