Ridge Bangla

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবখালী বিওপির সুবেদার শরাফত আলীর নেতৃত্বে একটি বিজিবি টহল দল সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের রিপনের মাল্টাবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার আ. সালামের নেতৃত্বে আরেকটি দল সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৫০০ গজ ভেতরে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ফেন্সিডিল পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্তপথে মাদক প্রবাহ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

This post was viewed: 43

আরো পড়ুন