Ridge Bangla

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি দলের নেতৃত্ব দেবেন।”

২০০৭ সালে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে তিনি স্ত্রী ও সন্তানসহ লন্ডনে পাড়ি জমান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা হয় এবং আরও শতাধিক মামলা দায়ের করা হয়। পাশাপাশি তার বক্তব্য ও বিবৃতি প্রচারেও আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়। এরপর থেকেই তারেক রহমান ফের বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন। দলীয় সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন লন্ডন থেকেই।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “দেশে এখন নতুন রাজনৈতিক পর্ব শুরু হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে বিএনপির পূর্ণ পুনর্জাগরণের সূচনা।” দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ইতোমধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন