বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যু এখনো রহস্যে ঘেরা। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে তাঁর মরদেহ উদ্ধার হয়। প্রথমে আত্মহত্যা বলা হলেও প্রায় তিন দশক পর সেই ঘটনা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এই আলোচিত দিনের স্মৃতি এবার শেয়ার করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপা জানান, সালমান শাহর মৃত্যুর দিন তিনি নায়কের পাশের বাসাতেই ছিলেন। তাঁর ভাষায়, “সালমান শাহ যেদিন মারা যান, আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। তখন আমি ইস্কাটন গার্ডেনেই থাকতাম।”
দীপা আরও বলেন, “১৯৯৪ সাল থেকে আমি সালমান শাহর বাসার ঠিক পাশেই থাকতাম। তাঁর মৃত্যুর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখনই প্রথম জানতে পারি যে আমার পাশের বাসাতেই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক থাকতেন।”
দীপা খন্দকার ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন, সালমানের মৃত্যুর দুই বছর পর। এরপর থেকে নিয়মিত নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন তিনি।
উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি তাঁর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিদের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।