Ridge Bangla

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮ জন

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পরিচালিত এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজা শহরের সাবরা এলাকায় ৪ জন এবং দক্ষিণের খান ইউনিসে ৫ জন প্রাণ হারিয়েছেন। বাকি নিহতরা গাজার বিভিন্ন স্থানের বাসিন্দা। এতে চলমান যুদ্ধবিরতি চুক্তি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরামর্শের পর প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিয়েছেন।’ গাজা শহর থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের পেছনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তিনি বলেন, গাজার আকাশে সারারাত ড্রোন ও যুদ্ধবিমানের তৎপরতা ছিল। হাসপাতালের ভেতরে রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। তিনি বলেন, ছোটখাটো সংঘাত হতে পারে, তবে প্রেসিডেন্টের মধ্যস্থতায় শান্তি চুক্তি বজায় থাকবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে এবং মরদেহ ফেরতের চুক্তি ভঙ্গের জন্য কঠোর মূল্য দিতে হবে। প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য সুলাইহ আল-হিন্দি বলেছেন, “আমরা বন্দিদের মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেছি; বাকি দায় ইসরায়েলের।”

This post was viewed: 50

আরো পড়ুন