Ridge Bangla

সংস্কারের বিপক্ষে দাঁড়ানো দলের সঙ্গে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিরোধী বা ইতিহাসে দায়ভারযুক্ত রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, পার্টি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যদি কখনো এমন সিদ্ধান্ত হয়, তা হবে নীতিগত ভিত্তিতে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাতন্ত্র্য বজায় রাখতে চায়।

নাহিদ ইসলাম বলেন, তারা জুলাই সনদে স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। এই আদেশ বাস্তবায়িত হবে এবং গণভোটের মাধ্যমে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশে স্বাক্ষর করতে পারবেন না, কারণ তা বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট বা ডিসেন্ট থাকলে এনসিপি স্বাক্ষর করবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না; নির্বাচন হবে ড. ইউনুসের নেতৃত্বে।

শাপলা প্রতীকের বিষয়ে নাহিদ বলেন, রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। রাজনৈতিকভাবে আদায় করতে হলে রাজপথের মাধ্যমে তা করা হবে।

এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন এবং মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

This post was viewed: 43

আরো পড়ুন