Ridge Bangla

গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, গণভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ রয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। খুব দ্রুতই সেই সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, ২৭০ দিন ধরে আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া হতাশাজনক। এ অবস্থায় সমঝোতা দলিল পাস করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আসিফ নজরুল বলেন, দলগুলোকে আলোচনার পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এরপরও তারা অনৈক্যের পরিচয় দিচ্ছে। এতে বোঝা যায়, তারা চায় সরকার যেন কোনো এক দলের অবস্থান নেয়, যা জুলাই সনদের চেতনার পরিপন্থী।

আইন উপদেষ্টা জোর দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে মতবিরোধের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব—এ বিষয়ে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রস্তাব দিয়েছে। এতে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে জামায়াতে ইসলামী দাবি করছে, নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে; অন্যদিকে বিএনপি বলছে, নির্বাচনের দিনই গণভোট করতে হবে—এর বাইরে কোনো বিকল্প নেই।

This post was viewed: 91

আরো পড়ুন