Ridge Bangla

ক্যান্সারে মারা গেলেন ‘৩ বস্তা টাকা জমানো’ সেই ভিক্ষুক সালেহা

সিরাজগঞ্জে ক্যান্সারে মারা গেছেন ‘৩ বস্তা টাকা জমানো’ হিসেবে পরিচিত বৃদ্ধা ভিক্ষুক সালেহা বেগম (৭০)। শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সালেহা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার কওমী জুট মিলের পরিত্যক্ত কোয়ার্টারে বসবাস করতেন। তিনি মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। স্থানীয়দের কাছে তিনি ‘ছালে পাগলি’ নামে পরিচিত ছিলেন। মানসিক ভারসাম্যহীন অবস্থায় দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করলেও কারও সঙ্গে তেমন মিশতেন না।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সালেহার বসতঘরের ভেতর থেকে স্থানীয়রা তিন বস্তা ভর্তি টাকা উদ্ধার করেন। প্রথম দুই বস্তা থেকে পাওয়া যায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা এবং পরবর্তীতে আরও এক বস্তা থেকে উদ্ধার হয় ১ লাখ ৭৪ হাজার টাকা। ধারণা করা হয়, দীর্ঘ বছরের ভিক্ষাবৃত্তির টাকাই তিনি গোপনে জমিয়ে রেখেছিলেন।

অসুস্থ হয়ে পড়লে সালেহাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে দুই দিন আগে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে তার মৃত্যু হয়।

তার মেয়ে স্বপ্না খাতুন জানান, “মা সব সময় একা থাকতেন, ভিক্ষা করে টাকা জমাতেন কিন্তু নিজের জন্য কিছু খরচ করতেন না।” শনিবার সকালে জানাজা শেষে সালেহা বেগমকে স্থানীয় কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

This post was viewed: 46

আরো পড়ুন