Ridge Bangla

যশোরে এইডস আতঙ্ক, তরুণদের মধ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা

ভারতের সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস সংক্রমণ। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

যশোর স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। আক্রান্তদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গত বছর একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২৫ জন, যা এ বছর প্রায় দ্বিগুণে উন্নীত হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থী হওয়ায় বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। গত বছর যশোরে এইডসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে ২২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে খুলনাসহ একই বিভাগের বিভিন্ন জেলার মানুষও রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী জেলা হওয়ায় বিদেশগামী শ্রমিক, মাদক, সংক্রমণ এবং সচেতনতার অভাব মিলিয়ে যশোরে এইচআইভি দ্রুত ছড়াচ্ছে। পাশাপাশি তরুণদের মধ্যে অসচেতন আচরণও রোগটির বিস্তারে ভূমিকা রাখছে।

যশোর হাসপাতালের এআরটি সেন্টারের সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা বলেন, “তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ দ্রুত বাড়ছে। এখনই সচেতনতা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

হিসেবে দেখা গেছে, যশোরে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইচআইভি আক্রান্ত, যা বাংলাদেশের গড় হারের চেয়ে বেশি।

This post was viewed: 61

আরো পড়ুন