আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সর্বোপরি স্বচ্ছ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। এমন আস্থা তৈরি করতে হবে, যাতে ভোটাররা বিশ্বাস করেন— নির্বাচন হবে নিরাপদ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।”
এসময় তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যে বডি-ওর্ন ক্যামেরা ক্রয় ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনকালীন সময়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা যায়।
প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেন, “নির্বাচনকেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এমন কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে পরিস্থিতি অবনতির সুযোগ কেউ না পায়।”
বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা মজুত রয়েছে, সেগুলো দিয়েই ইতোমধ্যে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, এই ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও মনিটরিং করা সম্ভব হবে।