Skip to main content

Ridge Bangla

কবে বিয়ে করবেন তামান্না নিজেই জানালেন

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে নতুনভাবে দর্শকদের কাছে আবির্ভূত হয়েছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের পরিচালনায় তার অভিনয় এবং ‘স্ত্রী ২’-এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ তাকে আবারও প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না খোলামেলা কথা বলেছেন অভিনয়জীবন, বয়স এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে। তিনি বলেন, “আগে বলিউডে ৩০ পেরোলেই নায়িকাদের জন্য বড় সুযোগ থাকত না। তাদের সাধারণত সাইড চরিত্রে সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন সেই ধারণা বদলেছে। চিত্রনাট্যকাররা ৩০-এর বেশি বয়সী নারীদের জন্যও শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্র লিখছেন, যা সত্যিই আশাব্যঞ্জক।”

তামান্না আরও বলেন, “আমি ভেবেছিলাম, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ মনে হত, এরপর আমার জন্য চরিত্র লেখা হবে না। কিন্তু সময় বদলেছে। এখন পরিচালকরা আমাদের বয়সী নারীদের জন্যও সমান গুরুত্ব দিচ্ছেন।”

তিনি বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেও কথা বলেছেন। “বয়স নিয়ে ভয় কেন? বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া এক অসাধারণ ব্যাপার। অভিজ্ঞতা, পরিপক্বতা—সবই বয়সের সঙ্গে আসে,” বলেন তামান্না।

আগামী দিনে তাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’-সহ একাধিক বড় বাজেটের সিনেমায়। তামান্নার মতে, এখন নারীদের জন্য বড় পরিসরের চরিত্র এবং সৃজনশীল সুযোগ অনেক বেড়ে গেছে, যা তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

This post was viewed: 71

আরো পড়ুন