Ridge Bangla

নাটোরে গোডাউনভর্তি ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে প্রায় ১৩ টন এমপি কার্টিজ বা গুলির খোসা পাওয়া গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ট্রাকবোঝাই করে এসব গুলির খোসা আনা হয়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই এসব গুলির খোসা কেনা হয়েছে এবং সেগুলো শিল্পকারখানায় ব্যবহারের জন্য আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এমপি কার্টিজগুলো ক্রয় করে ‘মা বাবা কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠান থেকে আহম্মেদপুর বাজারের শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব উদ্দিন কার্টিজগুলো কিনে নেন। শুক্রবার রাতে ট্রাকে করে গুলির খোসা এনে তিনি নিজ বাড়ির পাশে গোডাউনে মজুত করেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। যাচাই-বাছাই করে দেখা গেছে, গুলির খোসাগুলো বৈধভাবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব উদ্দিন তার কেনার বৈধ কাগজপত্রও দেখিয়েছেন।

তিনি আরও বলেন, “এই এমপি কার্টিজগুলো কারখানায় ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে নিলামে বিক্রি করা হয়। এতে কোনো আইনি জটিলতা বা নিরাপত্তা হুমকি নেই।”

This post was viewed: 94

আরো পড়ুন