দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের “উপখাদ্য পরিদর্শক” পদের চাকরির পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার করে অভিনব কায়দায় জালিয়াতির চেষ্টা করতে গিয়ে এক পরীক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুলের কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়, তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। পরীক্ষার সময় সন্দেহজনকভাবে বারবার কাশি দিচ্ছিলেন তিনি। বিষয়টি নজরে এলে কর্তব্যরত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ করে শরীরে তল্লাশি চালান। এ সময় তল্লাশিতে দুটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন। ঢাকা ভিত্তিক একটি চক্রের সহায়তায় কৃষ্ণকান্ত পরীক্ষায় বসেন। চক্রটি পরীক্ষার শুরুতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পেত এবং দ্রুত উত্তর প্রস্তুত করে তা ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দিত। প্রশ্নের সেট শনাক্ত করতে এক্ষেত্রে কাশির সংকেত ব্যবহার করা হতো।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে পরীক্ষায় এভাবে অভিনব কায়দায় জালিয়াতি করতে কিছু পরীক্ষার্থী ডিভাইস ব্যবহার করছে। নজরদারি চলাকালীন সময় অস্বাভাবিক গতিবিধি নজরে আসায় ওই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।
প্রশাসনের একটি সূত্র জানায়, দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে অন্তত ৫০ জনের বেশি পরীক্ষার্থী ডিভাইসসহ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।