নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মামলা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে তার পরিবার। হত্যার এক নম্বর আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সামিরাকে কেন্দ্র করে বিস্ফোরক তথ্য দিয়েছেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে শাহরান ভিডিও বার্তায় খলনায়ক ডনকে উদ্দেশ্য করে বলেন, “আমি সালমানের ভাই। আপনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি ফোন দিয়েছি, কিন্তু আপনি ধরেননি। আমি আপনাকে ছোট করবো না, তবে একবার ভাববেন, আপনি বগুড়া থেকে ঢাকায় কী কারণে এসেছিলেন। আমার ভাই সবকিছু আমার সঙ্গে শেয়ার করতো।”
তিনি আরও বলেন, “ডন অভিনয় গুণ না থাকলেও সালমান শাহের বিশেষ অনুরোধে সিনেমায় সুযোগ পেয়েছেন। কিন্তু সামিরার কাছে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াতেন, যা আমার পরিবার নিয়ে ক্ষতিকর ছিল। একদিন আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।”
সামিরা হককে নিয়ে শাহরান আবেগপ্রবণ হয়ে বলেন, “আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি তাকে বিয়ে করেছিলেন, কারণ তার মধ্যে আপনি কিছু বিশেষ দেখেছিলেন। আপনার পরিবার মেনে না নিলেও আমাদের পরিবার আপনাদের ফেলে দিতে পারেনি।”
শাহরান আরও উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়। তবে তার স্বাভাবিক জীবন তার সঙ্গে পরিচয়ের আগে কোনো আত্মহত্যার প্রবণতা দেখায়নি। আমরা বিশ্বাস করি, সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই পরিবার ও সাবেক স্ত্রী সামিরা হক এই ঘটনার প্রেক্ষিতে দ্বিমত পোষণ করে আসছেন।