Ridge Bangla

অক্টোবরে ২০০ প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদের ‘সবুজ সংকেত’ দিতে যাচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের শেষ পর্যায়ে আছি। এই মাসেই প্রায় ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে সবুজ সংকেত দেব, যাতে তারা মাঠে কাজ শুরু করতে পারেন। সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান ছাত্রনেতা, যুবনেতা এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। তিনি বলেন, “যাদের স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা বেশি, যারা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং জনপ্রিয় তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”

দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি কেউ দলের সিদ্ধান্তের বাইরে দাঁড়াবেন না। যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনে প্রার্থিতা নিশ্চিত হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান নিয়মিত কর্মীদের সঙ্গে কথা বলেন, এটা নতুন কিছু নয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তিনি আরও জানান, তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন এবং নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ সিদ্ধান্তেই নির্ধারণ করবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কি না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

This post was viewed: 44

আরো পড়ুন