Ridge Bangla

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১,১৮৫ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫৪১ জন। অভিযানে অস্ত্র ও ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের হাতে আসে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, এছাড়া চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব অভিযান চলমান থাকবে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)।

থানা সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় বেশ কয়েকজন অপরাধী পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনই এই অভিযানের মূল লক্ষ্য।

This post was viewed: 48

আরো পড়ুন