Skip to main content

Ridge Bangla

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৫২৫ জন রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট, জেলা ও মহানগর পর্যায়ে পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ও পলাতক আসামিও রয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা।

পুলিশ সদরদপ্তরের সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি বিশেষ অভিযানে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে জোর দেওয়া হচ্ছে। এআইজি শাহাদাত হোসেন বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত টহল ও অভিযানে তৎপরতা আরও বাড়ানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 67

আরো পড়ুন