দীর্ঘদিন ধরে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল। তবে এতদিন মুখে কুলুপ এঁটে থাকা সাদিয়া অবশেষে নিজেই স্বীকার করলেন সেই সম্পর্কের কথা।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। সেখানে উপস্থাপিকা মৌসুমী মৌ তাকে একটি চিরকুট ধরিয়ে দেন, যেখানে লেখা ছিল, “রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্যি, না মিথ্যা।”
হাসিমুখে জবাব দেন সাদিয়া, “যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।” তার এই সংক্ষিপ্ত উত্তরেই যেন মিলল বহুদিনের আলোচিত প্রশ্নের জবাব। ভিডিওটির শিরোনামও ছিল, “রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।” ফলে বিষয়টি নিয়ে ভক্ত ও শোবিজমহলে নতুন করে আলোচনার ঝড় বইছে।
ফাতেমা তাসনিম সাদিয়া, যিনি সাদিয়া আয়মান নামে পরিচিত, টেলিভিশনে অভিনয় শুরু করেন ২০১৯ সালে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে। এরপর শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ নাটকে অভিনয়ের জন্য ২০২২ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
ছোটপর্দায় জনপ্রিয়তার পর বড়পর্দায় পা রাখেন এই তরুণ অভিনেত্রী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। সাম্প্রতিক সময়ে সাদিয়া আয়মানের উপস্থিতি শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবন নিয়েও আলোচনায়।