Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নতুন কৌশল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি এবার প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। দলটি মাঠের পাশাপাশি অনলাইন দুনিয়াতেও সক্রিয় হতে চাইছে। সে লক্ষ্যে গঠিত হচ্ছে নতুন অনলাইন ও তৃণমূলভিত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক’ (বিজিএন)।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ের শক্তি সুসংগঠিত করবে এবং ডিজিটাল প্রচারকে আরও জোরদার করবে। পাশাপাশি কথিত ‘বট বাহিনী’র অপপ্রচারের মোকাবিলায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিজিএন-এর কেন্দ্রীয় কমিটিতে প্রাথমিকভাবে ১৫ জন নেতা থাকবেন, যাদের মধ্যে ড. জিয়াউদ্দিন হায়দার নেতৃত্ব দেবেন।

দেশের ৩০০টি সংসদীয় আসনে দুজন করে মোট ৬০০ জন স্নাতক পাস অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। এরা সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকবেন।

বিএনপি আশা করছে, বিজিএন-এর মাধ্যমে তৃণমূল সংগঠন শক্তিশালী হবে এবং অনলাইন মাধ্যমে দলের বার্তা দ্রুত ও সুসংগঠিতভাবে পৌঁছাবে। অ্যাক্টিভিস্টরা ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দলের কার্যক্রম তুলে ধরবেন এবং অপপ্রচার মোকাবিলা করবেন।

দলের তথ্য অনুযায়ী, বিজিএনের মাধ্যমে শিক্ষিত তরুণদের নির্বাচনী প্রচারে যুক্ত করা হবে। প্রতি মাসে তাদের নির্দিষ্ট সম্মানী দেওয়া হবে এবং দলের ভাবনা ও কন্টেন্ট তৃণমূলে ছড়িয়ে দেওয়া হবে। বিএনপি মনে করছে, এই নতুন উদ্যোগ তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করবে এবং ডিজিটাল প্রচারে দলের অবস্থান মজবুত করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিএন প্ল্যাটফর্ম বিএনপির প্রচারের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করবে।

This post was viewed: 62

আরো পড়ুন