বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিধিমালা ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরাসরি তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। অর্থাৎ, এ চার কর্মকর্তাকে কোনো বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরি হারানো চারজন শিক্ষানবিশ এএসপি হলেন শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। তারা সম্প্রতি প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ কার্যকর করা হয়েছে। তবে অপসারণের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালে কিছু বিষয়ে অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট দপ্তর তাদের বিরুদ্ধে তদন্ত করে। পর্যালোচনার পর সরকার এই সিদ্ধান্ত নেয়।