Ridge Bangla

লিবিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ৩০৯ জন বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। দেশটিতে অনিয়মিতভাবে অবস্থান করায় তাদের ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা। আগমনের পর প্রত্যেককে ভ্রমণ ভাতা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

ফেরত আসা অধিকাংশ ব্যক্তি মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। ইউরোপে যাওয়ার আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তারা নানাভাবে প্রতারিত হন। অনেকেই সেখানে অপহরণ, জিম্মি করে অর্থ আদায় ও সশস্ত্র গোষ্ঠীর নির্যাতনের শিকার হয়েছেন। আইওএম জানায়, ফেরত আসা ব্যক্তিদের সমাজে পুনঃএকীভূত করতে এবং ভবিষ্যতে অনিয়মিত অভিবাসন রোধে সচেতনতা তৈরির কার্যক্রম চালানো হবে। একই সঙ্গে তাদের আহ্বান জানানো হয়েছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে যেন কেউ আর এই পথে না যায়।

সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে আরও বহু বাংলাদেশি অবস্থান করছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, আইওএম ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একযোগে কাজ করছে।

This post was viewed: 55

আরো পড়ুন