আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে দেশে কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে। এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন।” তিনি আরও বলেন, “এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কারণ সংবিধান ও নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী কোনো অনিয়ম বা সহিংস কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দল স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য ঘোষণা হবে। সেই ধারাতেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।”
‘না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম জানান, “যদি কোনো আসনে কেবল একজন প্রার্থী থাকেন, তবে ভোটাররা ‘না ভোট’-এর মাধ্যমে তার বিপক্ষে মত প্রকাশের সুযোগ পাবেন। এটি জনগণের গণতান্ত্রিক অধিকার এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন প্রস্তুতির প্রাথমিক কাজ সম্পন্ন করেছে বলে জানান প্রেস সচিব।