দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা এবং ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ ফের বাবা হতে চলেছেন। মেয়ের জন্মের দুই বছর পরই এই সুখবর ভক্তদের আনন্দে ভাসাচ্ছে।
রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা খোদ দীপাবলির পবিত্র দিনে এই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা না দিলেও উপাসনার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নতুন অতিথির আগমনের। ভিডিওতে পরিবারের সাধের অনুষ্ঠানের দৃশ্য, হাসিমুখে রাম চরণ ও উপাসনার আনন্দ এবং বিশেষ করে একটি শিশুর পায়ের ছাপ দেখা যায়। ক্যাপশনে উপাসনা লিখেছেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।”
ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাদের পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দেন। অনুষ্ঠানে পরিবারের সকল সদস্য মিলে উৎসবের আনন্দে মেতে ওঠে, আর রাম চরণকেও ক্যামেরায় হাসিমুখে ধরা দিতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাম চরণ ও উপাসনা। দীর্ঘ অপেক্ষার পর, বিয়ের প্রায় দশ বছর পর অর্থাৎ ২০২৩ সালে তাদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারা জন্মগ্রহণ করে। এবার বিয়ের ১৩ বছর পর, উপাসনা দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে।