টালিউডের আসন্ন সিনেমা ‘বানসারা’-র শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ পায়ে চোট পান বনি। তার গোড়ালির একটি অংশ কেটে যায়।
ঘটনাস্থলেই ছবির টিম প্রাথমিক চিকিৎসা দেন। পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, “কলকাতার একটি গোডাউনে শুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে। তবে প্রযোজনা সংস্থা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে, তাই বড় কোনো সমস্যা হয়নি। এখন বনি সুস্থ আছেন।”
অভিনেতা নিজেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই চরিত্রের জন্য দিনরাত শারীরিক প্রশিক্ষণ করেছি। চরিত্রটিতে অনেক লেয়ার আছে। শুটিংয়ের সময় হঠাৎ গোড়ালিতে চোট পেয়েছিলাম, রক্তে পা ভেসে যায়। কিন্তু দর্শকদের জন্য ভালো চরিত্র উপহার দেওয়া সব কষ্টকে অতিরিক্ত মনে করায় না।”
‘বানসারা’-র শুটিং চলছে পুরুলিয়ার বিভিন্ন এলাকায়। ছবিতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে ‘বড়োমা’ চরিত্রে এবং বনিকে পুলিশ অফিসার অজিতেশ হিসেবে। জঙ্গলে নির্মিত চল্লিশ ফুট উচ্চতার দেবীর মূর্তিটি ছবির অন্যতম প্রধান আকর্ষণ।
ছবির গল্প আবর্তিত হয়েছে পুরুলিয়ার জঙ্গলে ঘেরা গ্রাম ‘বানসারা’কে কেন্দ্র করে। গ্রামের বনদেবী ও বড়মা গৌরীকা দেবীর রহস্যময় প্রভাব এবং নতুন আগন্তুক পুলিশ অফিসার অজিতেশের অনুসন্ধান একত্রিত হয়ে থ্রিলার ঘরানার ছবিটি দর্শকদের জন্য তৈরি করছে এক ভিন্ন অভিজ্ঞতা।