Ridge Bangla

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ জন অভিবাসীর মৃত্যু

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মুগলা গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। তিনি জানান, নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নৌকায় পানি ঢুকে তা ডুবে যায়। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া আরও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন।

তল্লাশি ও উদ্ধার অভিযানে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশগ্রহণ করছে। গভর্নরের দপ্তর জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসী আটক হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী আটক করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা সতর্ক করে জানিয়েছেন, অভিবাসীদের নিরাপদ যাতায়াতের জন্য সমুদ্রপথে যাত্রা করা বিপজ্জনক এবং এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

This post was viewed: 123

আরো পড়ুন