আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ টাই এবং সুপার ওভারের মুখোমুখি হলো বাংলাদেশ। তবে রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১ রানে পরাজিত হয় টাইগাররা।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে একই রান করলে ম্যাচ টাই হয় এবং গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ১১ রান। মাঠে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। আকিল হোসেন প্রথম বল করেন ওয়াইড, পরেরটি নো বল, সঙ্গে আসে ২ রান। ফ্রি হিটে রান তুলতে না পারলেও সৌম্য এক রান নেন। এরপর সাইফ সিঙ্গেল নেওয়ার পর ছয় মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন সৌম্য। লক্ষ্য তখন ৩ বলে ৫ রান। নতুন ব্যাটসম্যান শান্ত এক রান নেন, শেষ বলে প্রয়োজন ছিল ৪। আকিল হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ বলে সাইফ মাত্র এক রান নিতে সক্ষম হন। ফলে সুপার ওভারে বাংলাদেশ থামে ৯ রানে, ১ রানে হার মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
এই জয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে সফরকারী দল— তারা পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করায়, যা ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথম ঘটনা।
এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ৮১৩তম ম্যাচে প্রথম টাই। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়, আর শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
সিরিজের শেষ ও নির্ধারক ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।