Ridge Bangla

আলমডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বজলুর রহমান (৭০), তার ভাই শাহাজান আলী (৫৬), বজলুরের দুই ছেলে রকিবুল ইসলাম (৩৫) ও তরিকুল ইসলাম (৩২), এবং পুত্রবধূ তৃপ্তি খাতুন (৩০)। আহতদের মধ্যে রকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে বজলুর রহমান নিজ জমি দেখতে গেলে চাচাতো ভাই আইজাল হোসেনের নেতৃত্বে কয়েকজন সেখানে ভুট্টা রোপণ করছিল। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে বজলুর রহমানের ওপর হামলা চালায়। পরে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও একইভাবে হামলা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রকিবুল ইসলামের বুকের আঘাত গুরুতর হওয়ায় তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, জমি বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

This post was viewed: 47

আরো পড়ুন