Ridge Bangla

তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠালেন নারী উদ্যোক্তা ঝিলিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, তিশা প্রতিশ্রুতি অনুযায়ী প্রমোশনাল ফটোশুট না করায় উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, তানজিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে ঝিলিকের অনলাইন পেজ ‘Aponia’-এর একটি শাড়ি পছন্দ করেন, যার বাজারমূল্য ২৮ হাজার ৮০০ টাকা। তিনি পেজ প্রমোশনের বিনিময়ে শাড়িটি নিতে সম্মত হন এবং তা তার বাসায় পৌঁছে দেওয়া হয়। তবে দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও অভিনেত্রী শাড়িটি পরে কোনো ফটোশুট বা পেজ প্রমোশন করেননি, এমনকি উদ্যোক্তার সঙ্গে যোগাযোগও বন্ধ রাখেন।

ঝিলিকের দাবি, তিশা কথার বরখেলাপ করে পেজ কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি এবং কোনো অর্থ বা প্রমোশনাল সহযোগিতা দেননি। ফলে এটি প্রতারণার শামিল। এছাড়া নোটিশে উল্লেখ করা হয়, বিষয়টি প্রকাশ্যে এলে তিশা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” উদ্যোক্তার মতে, এই মন্তব্য মানহানিকর ও সত্য গোপনের প্রচেষ্টা।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে তিশাকে শাড়ির মূল্য ও ১ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো তানজিন তিশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 56

আরো পড়ুন