বলিউডের আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এবারের দীপাবলিতে ভক্তদের জন্য উপহার দিয়েছেন এক বিশেষ মুহূর্ত। প্রথমবারের মতো তারা তাদের কন্যাসন্তান দুয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এভাবেই প্রকাশ্যে এলো বলিউডের জনপ্রিয় জুটির সন্তানের মুখ।
দীপাবলির সাজে তোলা পারিবারিক ছবিগুলোতে দেখা গেছে দীপিকা, রণবীর ও ছোট্ট দুয়াকে অত্যন্ত আকর্ষণীয় রূপে। দীপিকা ও দুয়া দুজনেই লাল রঙের জমকালো চুড়িদারে সেজেছেন, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকা মেয়ের মাথায় দুটি ঝুঁটি বেঁধে দিয়েছেন। অন্যদিকে রণবীর সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির সাজে যথাযথভাবে মানিয়ে নিয়েছেন।
ছবিগুলোতে ছোট্ট দুয়া কখনো হাসছে, কখনো মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আবার কখনো মা-বাবার কোলে স্নেহে ডুবে আছে। এক ছবিতে দেখা যায়, মা দীপিকার কোলে বসে দুয়া দুই হাতে প্রার্থনা করছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “দীপাবলির শুভেচ্ছা।”
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে ২০ লাখের বেশি রিয়্যাকশন আসে, মন্তব্যের ধারা ভরে যায় ইনস্টাগ্রাম। অনেকে মন্তব্য করেছেন, দুয়া একেবারে দীপিকার মতো, আবার কেউ বলছেন, “রণবীরের ছাপও স্পষ্ট।” নেট দুনিয়ায় ছোট্ট দুয়াকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে।
উল্লেখ্য, দীপিকা ও রণবীর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে কন্যাসন্তান দুয়া। এর আগে গত বছর দীপাবলির সময় মেয়ের নাম জানানো হয়েছিল, তবে এবারই প্রথম তার মুখ প্রকাশ করা হলো।