এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘর্ষের পর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। উভয় দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি প্রতিষ্ঠায় গঠিত হচ্ছে যৌথ প্রক্রিয়া।
শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের সঙ্গে যৌথ মধ্যস্থতায় উভয় দেশ টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রক্রিয়া গঠন করতে সম্মত হয়েছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের অবসান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তিকে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে দুই দেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে অন্তত ত্রিশজন আফগান নাগরিক নিহত ও শতাধিক আহত বলে জানিয়েছে জাতিসংঘের আফগান সহায়তা মিশন। উভয় পক্ষই পরস্পরের ওপর ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ তোলে।
নতুন চুক্তি অনুযায়ী, তালেবান প্রতিশ্রুতি দিয়েছে তারা পাকিস্তানবিরোধী কোনো সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় বা সমর্থন দেবে না। একই সঙ্গে উভয় পক্ষই প্রতিপক্ষের নিরাপত্তা বাহিনী, বেসামরিক লোক বা গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু না করার অঙ্গীকার করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে আফগান মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সঙ্গে সঙ্গে বন্ধ হবে। এদিকে আগামী সপ্তাহে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।