Skip to main content

Ridge Bangla

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ৪ জন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার এবং চারজনকে আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ দল।

২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে আটক করা হয়েছে এবং ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডারসহ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

পরে বসিলা আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসব ককটেল নিষ্ক্রিয় করে। রাত সোয়া ৩টার দিকে প্রথমে ১৮টি এবং পরে ১৪টি মোট ৩২টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। সেনাবাহিনী জানায়, ককটেলগুলো স্থানীয়ভাবে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে মার্বেল ও গান পাউডার মিশিয়ে তৈরি করা হয়েছিল।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, “অভিযানকালে আমরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের নেটওয়ার্কের উপস্থিতি পেয়েছি। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মূল হোতাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

This post was viewed: 59

আরো পড়ুন