Skip to main content

Ridge Bangla

সাত খুন মামলা: আপিল বিভাগের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সাত সদস্যের বেঞ্চ আসামি পক্ষের আবেদনের পর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। তিন দিন পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ছিলেন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগী মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম।

ঘটনার পর পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। একটি করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, অপরটি করেন চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট মামলার রায় দেন। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের ফাঁসির আদেশ বহাল রাখা হয় এবং বাকিদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও ৯ আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল থাকে।

This post was viewed: 57

আরো পড়ুন